প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ছাড়া মোটরসাইকেলের নকশা ও কাঠামো অনুযায়ী একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
সামনের নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালায় নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা এবং নম্বর লেখার বিন্যাসে পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রোববার (১ নভেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে বিধিমালার ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর আগের পদ্ধতির পাশাপাশি একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। মোটরসাইকেলের নকশা বিবেচনায় একাধিক মাপের বিপরীতমুখী প্রতিফলক নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।
এ ছাড়া সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের মাপ, প্লেটের ওপরের ফাঁকা জায়গা, সংখ্যা ও হাইফেনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে বিআরটিএকে। এক লাইনে নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়ার কথা বলা হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
এদিকে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমাও বাড়িয়েছে বিআরটিএ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নম্বরপ্লেট সংযোজন করা যাবে। আগে এ জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।
বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন করা কঠিন হওয়ায় সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বিআরটিএ। সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করতে মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডি নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে আগেই সতর্ক করেছিল সংস্থাটি।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০২ নভেম্বর ২০২৬/এএ





