Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম চলছে । কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ কার্যক্রমে ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), জন্মনিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নি ও বিভিন্ন নথি সত্যায়নসহ নানা ধরনের কনস্যুলার সেবা প্রদান করছে। এ উদ্যোগের মাধ্যমে এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি সেবা গ্রহণ করবে। গতকাল থেকে শুরু হয়ে এই কার্যক্রম কানাডার স্থানীয় সময় রোববার সম্পন্ন হবে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আমন্ত্রণে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসিম উদ্দিন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. মহিউদ্দিন মুহিদ, সেকেন্ড সেক্রেটারি মো. নুর ই শাহান রাজ সহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা। এ সময় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ সেবা কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। শুধু ক্যালগেরি নয়, কানাডার অন্যান্য প্রদেশ থেকেও অনেকে প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিতে সেখানে উপস্থিত হন। দূরবর্তী শহর থেকে আসা প্রবাসীদের অংশগ্রহণ এ ধরনের সেবা কার্যক্রমের গুরুত্ব ও চাহিদাকে তুলে ধরে।

আয়োজক ও সেবাদানকারী সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টসহ প্রয়োজনীয় সরকারি নথিপত্র-সংক্রান্ত সেবা সহজলভ্য করা এবং সেবাগ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত ও নির্বিঘ্ন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে এ ধরনের সেবা আয়োজনের ফলে প্রবাসীদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে দূরবর্তী স্থানে যাতায়াতের ভোগান্তি কমে আসে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রয়োজনীয় কনস্যুলার সেবা তাঁদের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এ কার্যক্রমে এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১১ অক্টোবর ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ