প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কানাডায় নয়, এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির আসর। আগামী অক্টোবর-নভেম্বরে ২০২৬ সালের টুর্নামেন্টটি হবে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডায়। এক মৌসুম পর, ২০২৭ সালে আবার কানাডায় ফিরবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটি।
এই আয়োজনের মাধ্যমে কানাডা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে সম্পর্ক আরও গভীর করতে চায় দুই দেশের ক্রিকেট বোর্ড। পাশাপাশি কানাডা ও উত্তর আমেরিকার উঠতি ক্রিকেটারদের জন্য তৈরি হবে বড় মঞ্চে খেলার সুযোগ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, কানাডার উদীয়মান ক্রিকেটাররা এবার খেলবেন ক্যারিবীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে। অন্যদিকে উইন্ডিজ ক্রিকেটারদেরও কানাডার ক্রিকেট কাঠামো সম্পর্কে আরও কাছ থেকে জানার সুযোগ হবে।
সিডব্লিউআই প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই অঞ্চলের সহযোগী সদস্য দেশগুলোর সম্পর্ক জোরদার করা ক্রিকেটের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তার মতে, ২০২৬ সালের গ্লোবাল টি-টোয়েন্টি ক্যারিবীয় অঞ্চলে আয়োজন সেই অংশীদারত্বেরই শুরু।
ক্রিকেট কানাডার সভাপতি অরবিন্দর খোসাও বিষয়টিকে শুধু এক মৌসুমের স্থানবদল হিসেবে দেখছেন না। তার ভাষায়, ‘গ্লোবাল টি-টোয়েন্টি মূলত একটি কানাডীয় টুর্নামেন্ট। তবে ২০২৬ সালের আসরের জন্য ক্যারিবীয় অঞ্চল আমাদের বিশেষ ঠিকানা।’
২০১৮ সালে শুরু হয়েছিল গ্লোবাল টি-টোয়েন্টির খেলা। এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে চারটি আসর। তবে করোনা মহামারির কারণে ২০২০, ২০২১ ও ২০২২ সালের আসর বাতিল হয়। ২০২৫ সালেও টুর্নামেন্ট হয়নি।
ক্রিকেট কানাডা গত বছর ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) কানাডাকে দীর্ঘমেয়াদি লাইসেন্স দেওয়ার পর লিগটি পুনর্গঠনের মধ্য দিয়ে যায়।
পুনর্গঠনের প্রভাব পড়ছে ২০২৬ সালের দলসংখ্যাতেও। ছয়টির বদলে এবার খেলবে পাঁচটি দল। ফ্র্যাঞ্চাইজিগুলোর নামেও আসছে পরিবর্তন।
সবশেষ ২০২৪ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল টরন্টো ন্যাশনালস। ফাইনালে তারা হারিয়েছিল মন্ট্রিয়ল টাইগার্সকে। সেবার বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে খেলেছিলেন বাংলদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৬ সেপ্টেম্বর ২০২৬/এএ





