Menu

অমিত কুমার উকিল, সাস্কাটুন প্রতিনিধি :: কানাডার সাস্কাটুনে সংগীতের জাদুতে দর্শকদের মাতিয়ে তুললেন জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।প্রথমবারের মতো কানাডাজুড়ে শুরু হওয়া ‘হোক কলরব কানাডা’ আয়োজনের ধারাবাহিকতায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাস্কাটুনের প্রেইরিল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয় ‘হোক কলরব সাস্কাটুন’।

স্থানীয় সংগঠন ‘ইকোস অব বেঙ্গল’-এর আয়োজনে অনুষ্ঠিত এ সংগীত সন্ধ্যায় অংশ নেন শত শত প্রবাসী বাঙালি। তরুণ উদ্যোক্তা প্রীতম রিপন, সব্যসাচী, জয়দীপ ও সৌভিকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান আবারও প্রমাণ করেছে যে, প্রবাসী বাঙালিরা বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে নিজেদের ঐতিহ্য ধরে রাখতে আগ্রহী।

শত শত প্রবাসী বাঙালির পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রেইরিল্যান্ড পার্কের হলরুম। ২০২৬ সালে সাস্কাটুনে এটিই ছিল অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানের শুরুতে সাস্কাটুনের স্থানীয় জনপ্রিয় ব্যান্ড ‘সান ক্লারো’ তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের আনন্দ দেয়। এরপর একে একে মঞ্চে আসেন অর্ণব ও সুনিধি। তাদের পরিবেশিত জনপ্রিয় গানগুলো উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে সংগীতপ্রেমীদের মিলনমেলায়।

অর্ণব ও সুনিধি বলেন, সাস্কাটুনে এত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বাঙালির উপস্থিতি তাদের অভিভূত করেছে। প্রবাসে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

‘ইকোস অব বেঙ্গল’-এর পক্ষ থেকে আয়োজক প্রীতম রিপন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সকল স্পন্সর, শুভানুধ্যায়ী ও উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও প্রবাসে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৯ আগস্ট ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ