Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের গ্যাস সংকট মোকাবিলায় আন্তর্জাতিক বাজার থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। এ সংক্রান্ত প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য এসব এলএনজি কেনা হবে।

প্রস্তাবে ২৩-২৪ আগস্ট, ২৬-২৭ আগস্ট, ২৯-৩০ আগস্ট, ১-২ সেপ্টেম্বর এবং ৪-৫ সেপ্টেম্বর-এই পাঁচ সময়ে পাঁচ কার্গো এলএনজি সরবরাহের কথা বলা হয়েছে।

সরকারি প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন দরদাতা হিসেবে যুক্তরাজ্য ও ওমানের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের মূল্যসূচকের ভিত্তিতে এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে।

প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১৫ দশমিক ৫০ থেকে ২১ দশমিক ৮৮ মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। বাজার পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারের উচ্চমূল্য, সরবরাহ ঝুঁকি ও আলোচনার ভিত্তিতে এ দর নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার নিয়মিত আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানি করছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৮ আগস্ট ২০২৬/এএ


Array