Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় নারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন ব্যবস্থা নিশ্চিতে আজ দেশের ১৩ রুটে নামছে ১৪টি বাস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে নারীদের জন্য এই বিশেষ মহিলা বাস বা পিংক বাস নামানো হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক ও কন্ডাক্টররা এই বাসগুলো পরিচালনা করবেন। এতে থাকছে অনলাইন টিকিটিংয়ের সুব্যবস্থা। দেশের ১০টি ডিপো থেকে এই বাসগুলো ছাড়া হবে। আর সারা দেশের ১৩৪টি স্টপেজ থেকে নারী যাত্রীদের বিভিন্ন গন্তব্যে আসা-যাওয়ার জন্য বাসে তোলা হবে। ঢাকায় বিআরটিসির ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি পিংক বাস নামানো হচ্ছে বলে বিআরটিসি কর্তৃপক্ষ বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে। সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রীরা এই বাসে নিজস্ব গন্তব্যে চলাচল করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য এই বিশেষ পিংক বাস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ যাত্রার জন্যই এই বিশেষ বাস। এখানে চালক ও কন্ডাক্টর সবাই মহিলা। এর আগে নারীদের জন্য বিআরটিসির যে বাসগুলো নামানো হয়েছিল সেগুলো পুরুষদের দিয়ে চালানো হতো। এতে নারীদের কেউ কেউ স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। ভবিষ্যতে আমাদের যে ইলেকট্রিক বাসগুলো আসবে তখন আরও ভালো ও আধুনিক বাস দিয়ে মহিলা বাস সেবাকে আরও চাঙা করা হবে। আমরা আশা করছি, এবার নারী যাত্রীদের জন্য নেওয়া উদ্যোগ সফল হবে।

১০ ডিপো থেকে ছাড়বে বাস : বিআরটিসি সূত্রে জানা যায়, মোট ১০টি ডিপোতে বিআরটিসির গোলাপি রঙের এই মহিলা বাস থাকবে। যে ১০টি ডিপো থেকে এ বাসগুলো ছেড়ে যাবে সেগুলো হচ্ছে- মতিঝিল বাস ডিপো, যাত্রাবাড়ী বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপো, মিরপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, বগুড়া বাস ডিপো এবং চট্টগ্রাম বাস ডিপো।

যেসব স্টপেজে বাস থামবে : বাসগুলো যে স্টপেজগুলোতে যাত্রী তুলবে সেগুলো হলো- নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান। তালতলা-মতিঝিল রুটে বাস থামবে- তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেল স্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয়ে। ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে বাস থামবে- ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবনে। মিরপুর ১০-মতিঝিল রুটে বাস থামবে- মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন, মতিঝিলে। মিরপুর-মতিঝিল রুটে বাস যাত্রী তুলবে- মিরপুর ১২, মিরপুর ১০, মিরপুর ১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল থেকে। মিরপুর ১২-মতিঝিল রুটে বাস থামবে- মিরপুর ১২, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিলে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস থামবে- চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, ঝালকুড়ি, ভূইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিলে। মোহাম্মদপুর-মতিঝিল রুটে বাস থামবে- মোহাম্মদপুর, শংকর, ঝিগাতলা, ধানমন্ডি ১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুরে। আবদুল্লাহপুর-মতিঝিল রুটে যাত্রী উঠানো হবে- আবদুল্লাহপুর, আযমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল থেকে। গাজীপুর-বিমানবন্দর রুটে বাস থামবে- গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাহপুর, আযমপুর ও বিমানবন্দরে। বগুড়ার শেরপুর-মাটিডালী রুটে বাস থামবে- আরডিএ স্কুল-নয়মাইল মোড়-শাজাহানপুর উপজেলা গেট-বি-ব্লক-মাঝিড়া-বনানী-সাতমাথা-মহিলা কলেজ-মাটিডালীতে। আর কালুরঘাট-পতেঙ্গা রুটে যাত্রী ওঠানো হবে- কালুরঘাট-কাপ্তাই রাস্তার মাথা-বহদ্দারহাট-মুরাদপুর ২ নম্বর গেট-জিইসি মোড়-লালখানবাজার-টাইগারপাস-দেওয়ানহাট-চৌমুহনী-আগ্রাবাদ-বারেক বিল্ডিং-ফ্রিপোর্ট-কাঠগড়-পতেঙ্গায়। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা গতকাল বাংলাদেশ প্রতিদিনকে জানান, আজ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের বিআরটিসির ট্রাক ডিপো প্রাঙ্গণে বিশেষ মহিলা বাস সেবার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৮ আগস্ট ২০২৬/এএ


Array