প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঢাকাসহ ৪ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় যে তাপপ্রবাহ চলছে তা বজায় থাকার আশঙ্কায় করা হচ্ছে। রোববার (১৬ আগস্ট) সকালে ভেরিফায়েড পেজে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, আজ দিনে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজও রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহ বা তাপপ্রবাহ বজায় থাকার প্রবল আশঙ্কা রয়েছে।
বর্তমানে ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে জানিয়ে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ লিখেন, এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া আজ রাতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মেঘালয় সীমান্তবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় ২-৩টি জেলার দু-একটি উপজেলায় হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সকাল ৮টায়। এছাড়া বাকি ৬টি বিভাগের কোনো জেলায় বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়নি বলেও জানান এই আবহাওয়াবিদ। রোববার সকাল ৮টা থেকে রাত ১২টার মধ্যে বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস উল্লেখ করেছেন তিনি।
খুলনা বিভাগ: পূর্বাভাস তৈরির সময়ে খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট জেলার কিছু কিছু উপজেলায় হালকা বৃষ্টি হচ্ছিল। আজ দিনের বিভিন্ন সময়ে খুলনা বিভাগের অধিকাংশ জেলায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
বরিশাল বিভাগ: সকাল ৮টার সময়ে বরগুনা ও পটুয়াখালী জেলার কিছু স্থানে হালকা বৃষ্টি দেখা গেছে। আজ দিনে বিচ্ছিন্নভাবে বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই বললেই চলে।
রাজশাহী বিভাগ: বর্তমানে রাজশাহী বিভাগের কোথাও বৃষ্টি হচ্ছে না। আজ সন্ধ্যার পূর্বে এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম; তবে দু-একটি জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। দিনভর এ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: সকাল ৮টা পর্যন্ত কেবল নোয়াখালী জেলার দু-একটি উপজেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
ঢাকা বিভাগ: সকালে ঢাকা বিভাগে বৃষ্টির কোনো আলামত দেখা যায়নি। তবে সকাল ৯টা থেকে বিকেল ৬টার মধ্যে শরীয়তপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও রাজবাড়ী জেলার কিছু কিছু উপজেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: রাত ৮টার পূর্বে কেবল নেত্রকোনা জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। সন্ধ্যার আগে জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে রাতে নেত্রকোনা ও ময়মনসিংহের মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে।
রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দিনজুড়ে এ বিভাগের জেলাগুলোতে তীব্র দাবদাহ অব্যাহত থাকতে পারে।
সিলেট বিভাগ: রাত ৮টার পূর্বে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে রাত ৮টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ আগস্ট ২০২৬/এএ





