Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলতি আগস্টজুড়ে দেশজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে নিম্নচাপ, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং ভারী বৃষ্টিজনিত স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, চলতি মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশে অন্তত ৫ থেকে ৬ দিন তীব্র বজ্রঝড় হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগস্টে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ১ থেকে ২টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

নদ-নদীর অবস্থা সম্পর্কে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভারী মৌসুমি বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে আগস্টে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২.৫ থেকে ৪.৫ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ আগস্ট ২০২৬/এএ


Array