আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: এয়ার কানাডা তাদের কানাডা–যুক্তরাষ্ট্র আন্তঃসীমান্ত নেটওয়ার্কে নতুন করে রুট পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে। এর ফলে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিচালিত আটটি ফ্লাইট রুট বাতিল, স্থগিত বা পুনরায় চালু হওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
এই পরিবর্তনগুলোর আওতায় রয়েছে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর, মন্ট্রিয়ল–ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দর, অটোয়া এবং কুইবেক সিটি থেকে পরিচালিত বিভিন্ন রুট।
এয়ারলাইনের হালনাগাদ সময়সূচি অনুযায়ী, কিছু রুট ২০২৬ সালের শীতকালীন মৌসুম শুরুর আগেই বন্ধ হয়ে যাবে। এছাড়া কয়েকটি রুট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং কিছু রুট সম্পূর্ণভাবে সময়সূচি থেকে বাদ দেওয়া হয়েছে। এসব পরিবর্তন ২০২৬ সালের শীতকালীন সময়সূচি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করা হবে।
এয়ার কানাডা জানিয়েছে, যাত্রীদের চাহিদা, ভ্রমণের ধরণ এবং জ্বালানি ব্যয়ের বৃদ্ধি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসেও প্রতিষ্ঠানটি কিছু ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছিল।
এদিকে, সাম্প্রতিক ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব কানাডার বাজারেও পড়েছে।
বিশ্লেষকদের মতে, এয়ার কানাডার এই রুট পুনর্বিন্যাসের ফলে ভ্রমণ খাতের পাশাপাশি কানাডার অর্থনীতির কিছু ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার খরচও বেড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১১ জুলাই ২০২৬/এএ





