Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কানাডার আলবার্টা সরকার পশ্চিম উপকূল পর্যন্ত প্রস্তাবিত দৈনিক ১০ লাখ ব্যারেল তেল পরিবহন সক্ষমতাসম্পন্ন একটি নতুন পাইপলাইনের সম্ভাব্য রুটের বিস্তারিত আগামী ২ জুলাই প্রকাশ করবে।

এর আগে প্রদেশটিকে ১ জুলাইর মধ্যে ফেডারেল মেজর প্রজেক্টস অফিসে প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে কানাডা ডে’ সরকারি ছুটির কারণে ঘোষণা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ এর প্রেস সচিব স্যাম ব্ল্যাকেট।

আলবার্টা সরকার এর আগে একটি উন্মুক্ত ওয়েবসাইটে জানিয়েছিল, পাইপলাইন প্রকল্পের ঘোষণা মঙ্গলবার আসবে। পরে সেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

এদিকে প্রকল্পটি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ব্রিটিশ কলম্বিয়ার বিরোধিতা। প্রদেশটির প্রিমিয়ার ডেভিড এবে ইতোমধ্যেই আলবার্টার প্রিমিয়ার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ র মধ্যে হওয়া সমঝোতার সমালোচনা করেছেন। তার অভিযোগ, ব্রিটিশ কলাম্বিয়ার মতামত ছাড়াই এই উদ্যোগ এগিয়ে নেওয়া হয়েছে।

যদিও পাইপলাইনের চূড়ান্ত রুট এখনও প্রকাশ করা হয়নি, তবে সিবিসি নিউজের হাতে পাওয়া নথিতে দেখা গেছে, অন্তত তিনটি সম্ভাব্য রুট নর্থ কোস্ট অঞ্চলের দিকে যেতে পারে। ওই এলাকায় তেলবাহী ট্যাংকার চলাচলের ওপর বর্তমানে ফেডারেল নিষেধাজ্ঞা রয়েছে, যা বিতর্কিত নর্দান গেটওয়ে পাইপ লাইন প্রকল্পের বিরোধিতার পর কার্যকর করা হয়েছিল।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০১ জুলাই ২০২৬/এএ


Array