প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। উড্ডয়নের প্রস্তুতির সময় ইঞ্জিনে সমস্যা দেখা দিলে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
গত বুধবার (২৪ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের চট্টগ্রামগামী ফ্লাইটটি রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে জরুরি পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজ থেকে যাত্রীদের দ্রুত বের করে আনা হয়।
জানা গেছে, ফ্লাইটটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিনে ত্রুটির বিষয়টি জানাজানি হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই নিজেদের মালামাল নিয়ে দ্রুত নামার চেষ্টা করেন।
ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ককপিটের পর্যবেক্ষণ ব্যবস্থায় অগ্নি-সতর্ক সংকেত দেখা গেলে পাইলট সঙ্গে সঙ্গে উড়োজাহাজ থামিয়ে নিয়ন্ত্রণকক্ষকে বিষয়টি জানান। এরপর নিরাপত্তা বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরো বলেন, উড্ডয়নের আগেই সমস্যা শনাক্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ফ্লাইটটি সকাল ৭টায় ঢাকা ছাড়ার কথা থাকলেও ঘটনার কারণে বিলম্ব হয়। পরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সকাল ৮টার দিকে ফ্লাইটটি যাত্রা শুরু করে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৬ জুন ২০২৬/এএ





