Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় শেষ দিন হঠাৎ আগামী ৪ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে আজ।

সোমবার (২৫ মে) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে, ২ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২৩ মে এবং ৩ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মে।

আরও জানা গেছে, প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৫ মে ২০২৬/এএ


Array