Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। শনিবার বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালক, সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন।

নির্বাচন প্রক্রিয়ার প্রথম ধাপে মনোনয়নপত্র বিক্রি হবে ২০ ও ২১ মে। এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে ২৩ মে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরদিন, ২৪ মে, বাছাইকৃত মনোনয়নপত্রের ওপর আপত্তি গ্রহণ ও শুনানি হবে।

প্রার্থীরা ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। একই দিন দুপুর ২টার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদনও করতে হবে ২৫ মে। এই প্রক্রিয়া শেষে ৭ জুন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ফল ঘোষণা করার কথা রয়েছে।

প্রতিবারের মতো এবারও তিন ক্যাটাগরি থেকে বিসিবির ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ক্লাব ক্যাটাগরি থেকে আসবেন ১২ জন। আর সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন পরিচালক।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ মে ২০২৬/এএ


Array