প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পবিত্র ঈদুল আজহার ছুটির আগে সাপ্তাহিক বন্ধের এক দিন সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৩ মে শনিবার সরকারি অফিস খোলা থাকার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত আগেই জানিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ঈদের ছুটির আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে।
প্রজ্ঞাপন আরও বলা হয়, ঈদের ছুটির সময় জরুরি সেবা যেমন : বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা এই ছুটির আওতামুক্ত থাকবে।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহনগুলোও ছুটির বাইরে থাকবে।
ব্যাংক ও আদালত
সব ধরনের ব্যাংক লেনদেন চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
শিল্প-কারখানা
বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৫ মে ২০২৬/এএ





