প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সাধারণত বৃষ্টির সময়ে বাতাসের মান কিছুটা উন্নত হয়, তবে এবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে জনবহুল নগরী ঢাকা।
বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান একিউআইয়ের তথ্যে দেখা গেছে, মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার বায়ুর মান ছিল ১৯৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ওই সময় বিশ্বের ১২২টি শহরের মধ্যে রাজধানীর অবস্থান ছিল প্রথম।
তালিকায় ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী দিল্লী। তৃতীয় স্থানে রয়েছে উহান, শহরটির স্কোর ১৫৮। এরপর রয়েছে বেইজিং, চেংডু এবং জাকার্তা।
অন্যদিকে, একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল কোপেনহেগেন। শহরটির স্কোর ছিল মাত্র ৭। এরপরের অবস্থানে রয়েছে ডাবলিন, ক্যানবেরা, শিকাগো এবং অসলো।
একিউআই মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর ধরা হয়। এমতাবস্থায় বাইরে বের হলে সকলকে মাস্ক পরিধানের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১২ মে ২০২৬/এএ





