আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: প্রজন্ম থেকে প্রজন্মোরে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে কানাডার ক্যালগেরির ডেরা ব্যাংকুয়েট হলে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা ও বর্ষবরণ। আনন্দঘন মুহুর্তকে স্মরণীয় করতে যোগ দিয়েছিলেন আলবার্টার প্রধান মন্ত্রী ড্যানিয়েল স্মিথ এবং ফিডব্যাক ব্যান্ডের সারা জাগানো কিংবদন্তি শিল্পী মাকসুদ।
কানাডায় বাঙালি সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলনমেলা। মাকসুদ এর বিখ্যাত সব গানে মুগ্ধ দর্শক। মেলায় ছিল রং বেরং এর বাহারী শাড়ী, বাংলার ঐতিহ্যময় খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন ধরণের স্টল। মূল আকর্ষণ ছিল বৈশাখী শোভা যাত্রা।
কর্মময় একঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে প্রবাসী বাঙ্গালীরা মেতে উঠে আনন্দ উৎসবে। মধ্যরাত অবধি চলে অনুষ্ঠান। নারী পুরুষ আর শিশু—কিশোরদের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে।বাঙ্গালীর চিরাচরিত আড্ডা আর লোকে লোকারণ্যে মুখরিত গানের সুরে, কবিতার ছন্দে, নাচের মুদ্রায় আর উপস্থাপনায় কোথাও যেন ঘটেনি ছন্দপতন।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান বলেন, এই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা করেছি।
সাধারণ সম্পাদক আসিফ হোসেন বলেন, দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ আমাদের হৃদয়ে। বিদেশের মাটিতেও আমরা আমাদের প্রতিটি উৎসব এভাবেই তুলে ধরতে চাই। প্রবাসে এই আয়োজন মাতৃভূমি এবং বাঙালির সাংস্কৃতিক চর্চার ধারাকে আরো সমৃদ্ধ করবে— এমন আশা আয়োজকদের।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৯ এপ্রিল ২০২৬/এএ




