Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের চার বিভাগে রাতে বজ্রসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৬টার মধ্যে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ওপর দিয়ে শক্তিশালী ঝড় ও বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।

একই সময়ে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সম্ভাব্য ঝুঁকির মধ্যে থাকা জেলাগুলোর মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ; সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ; ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা ও নরসিংদী উল্লেখযোগ্য।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা (উত্তর), খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলাগুলোতেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, এদিন বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ এপ্রিল ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ