প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: থেমে গেল সুরসম্রাজ্ঞী আশা ভোসলের জাদুকরী কণ্ঠ। যে কণ্ঠে যুগের পর যুগ ধ্বনিত হয়েছে মনোমুগ্ধকর সব গান। ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিত এই সংগীতশিল্পী। ছেলে আনন্দ ভোসলে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ভারতীয় গানের ভুবনের এই কিংবদন্তি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসকরা জানান, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং অবস্থা সংকটাপন্ন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই আজ (১২ এপ্রিল) জীবনাবসান ঘটে তার।
ভারতীয় সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র ১৯৩৩ সালে মহারাষ্ট্রের সঙ্গিল জেলায় জন্মগ্রহণ করেছিলেন আশা ভোসলে। মাত্র ১০ বছর বয়সে কিংবদন্তি শিল্পী বড় বোন লতা মুঙ্গেশকরের সঙ্গে শুরু হয় তার সংগীতে পথচলা। কয়েক দশক জুড়ে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মন জয় করেছে। হিন্দি, বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়ে তিনি অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন।
হিন্দি চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী সংগীতশিল্পী আশা ভোসলে ২০১১ সালে ইতিহাসে সর্বাধিক গান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন। এ ছাড়াও তার ঝুলিতে রয়েছে দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার।
আশা ভোসলে দাদাসাহেব ফালকে পুরস্কারের পাশাপাশি ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম, ‘দিল তো পাগল হ্যায়, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’ ইত্যাদি।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১২ এপ্রিল ২০২৬/এএ





