Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরি’র ডেরা ব্যাংকুয়েট হলে আগামী ১৮ এপ্রিল বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব এবং বাংলা সংস্কৃতির ধারক-বাহক পহেলা বৈশাখ।

এই উপলক্ষ্যে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরির ‘বাংলাদেশ সেন্টারে” এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সারা দিনব্যাপী সাংস্কৃতিক ও নানা আয়োজনের কথা তুলে ধরা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল করিম হিরু, আলমগীর দারাইন, সাবেক সভাপতি আব্দুল্লা রফিক, এ্যডভাইজার জাকির হোসেন, সংগীত শিল্পী সেলিম রেজা, সংগঠনের নীলাঞ্জনা রায়, সুবর্ণা খন্দকার, সুলতান তাইপুর, রেহানা পারভীন ও মো. হাকিম।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার “চ্যানেল আই” ও “প্রবাস বাংলা ভয়েস”। সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ও লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ারুল করিম হিরু।

আয়োজকরা জানান, বৈশাখী মেলায় মূল আকর্ষণ থাকবে ছোট ছোট শিশু-কিশোরদের হাতে মুখ ও মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রা।

সারা দিনব্যাপী অনুষ্ঠানে ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠবে প্রবাসী জীবনের আনন্দ জয়গানে।

তাঁরা জানান, প্রবাসের এই আনন্দ ঘন মূহুর্তকে স্মরনীয় করতে বৈশাখী মেলায় থাকবেন বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ড এর কিংবদন্তী বিখ্যাত শিল্পী মাকসুদের লাইভ কনসার্ট। প্রবাসের মাটিতে তিনি তুলে ধরবেন আশি এবং নব্বই দশকের সেই সব বিখ্যাত গান। অন্যদিকে তরুণ প্রজন্মের স্থানীয় শিল্পীরা তুলে ধরবেন সমসাময়িক কালের বিখ্যাত গানগুলো।

এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রবাস জীবনে বাঙ্গালীদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে -এমনটাই তাদের প্রত্যাশা।

উল্লেখ্য, অনুষ্ঠানে আলবার্টা সরকারের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১১ এপ্রিল ২০২৬/এএ


Array