আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার স্থানীয় সময় আজ বুধবার ১লা এপ্রিল থেকে বিয়ার, ওয়াইন এবং স্পিরিটসের উপর ফেডারেল এক্সাইজ (excise) কর আবারও বৃদ্ধি পাচ্ছে। এতে করে জীবনযাত্রার খরচ নিয়ে ইতোমধ্যে চাপের মধ্যে থাকা সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা নতুন করে উদ্বেগে পড়েছেন।
সরকার প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে (inflation অনুযায়ী) এই কর সমন্বয় করে থাকে। এবারও সেই নিয়মে প্রায় ২ শতাংশ পর্যন্ত কর বৃদ্ধি কার্যকর হচ্ছে। এই কর বৃদ্ধির ফলে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত প্রায় ৪১ মিলিয়ন ডলার রাজস্ব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৭ সালে চালু হওয়া “অ্যালকোহল এসকেলেটর ট্যাক্স” অনুযায়ী, পার্লামেন্টে আলাদা ভোট ছাড়াই প্রতিবছর ১ এপ্রিল কর বাড়ানো হয়। এই বৃদ্ধি সরাসরি ভোক্তা মূল্য সূচক (CPI)-এর সঙ্গে যুক্ত।
কর বৃদ্ধির ফলে দেশজুড়ে ব্রুয়ারি ও অ্যালকোহল শিল্পের কর্মীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে—উৎপাদন খরচ ইতোমধ্যে বেড়ে বিক্রি স্থবির অবস্থায় আছে। এ অবস্থায় নতুন কর চাপলে ছোট ব্রুয়ারি বন্ধ হওয়ার ঝুঁকি বাড়বে। এক যৌথ বিবৃতিতে তারা সতর্ক করেছেন, এই পরিস্থিতিতে কর বাড়ালে কর্মসংস্থানও ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০২ এপ্রিল ২০২৬/এএ




