প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রকাশিত হয়েছে হালনাগাদ ফিফা র্যাঙ্কিং, যেখানে শীর্ষ দলগুলোর মধ্যে দেখা গেছে উল্লেখযোগ্য উত্থান-পতন।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে নেমে গেছে তিন নম্বরে। সাম্প্রতিক প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারালেও লিওনেল মেসিদের পয়েন্ট খুব একটা বাড়েনি। এই সুযোগে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স উঠে এসেছে দুই নম্বরে। সম্প্রতি ব্রাজিলকে হারিয়ে পয়েন্ট বাড়িয়েছে দিদিয়ের দেশমের দল।
অন্যদিকে, টানা ভালো পারফরম্যান্সে স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে। চতুর্থ স্থানে অপরিবর্তিত আছে ইংল্যান্ড।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পর্তুগাল ও নেদারল্যান্ডসের। ক্রিস্টিয়ানো রোনালদোর দল এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে। একইভাবে নরওয়েকে হারিয়ে ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডস।
অন্যদিকে, সবচেয়ে বেশি পিছিয়েছে ব্রাজিল। ফ্রান্সের কাছে হেরে দুই ধাপ নিচে নেমে এখন সাত নম্বরে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
র্যাঙ্কিংয়ের ৮ থেকে ১১ নম্বরে কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে এই স্থানগুলো ধরে রেখেছে মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। ইতালি এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছে।
বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ইতালির সামনে এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ৩১ মার্চ বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নির্ধারণ করবে পরবর্তী গন্তব্য।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৯ মার্চ ২০২৬/এএ





