আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরে গত মঙ্গলবারের ভয়াবহ স্কুল শুটিংয়ের ঘটনায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিহত শিশুদের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।
এ সময় তিনি বলেন, “পুরো কানাডা আজ এই ছোট্ট শহরের পাশে দাঁড়িয়েছে। আমরা আপনাদের এই ক্ষতি পূরণ করতে পারব না, কিন্তু আপনাদের একাকী হতে দেব না।”
অন্যদিকে কানাডার বিরোধী দলীয় নেতা পিয়েরে পলিভিয়ের তার বক্তব্যে রাজনৈতিক আক্রমণ এড়িয়ে গিয়ে বলেন, “আজ কোনো পক্ষ নেই, কোনো রাজনীতি নেই। আজ আমরা কেবল একদল শোকাতুর কানাডিয়ান, যারা আমাদের সন্তানদের হারিয়েছি।”
উল্লেখ্য মেয়র ড্যারিল ক্রাকোভকার আমন্ত্রণে সাড়া দিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।
তাঁরা একসাথে শহরের শোক সভায় অংশ নেন। যৌথভাবে তাঁরা একটি পুষ্পস্তবক অর্পণ করেন এবং নিহত ৯ জনের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন
এ সময় আরো উপস্থিত ছিলেন এনডিপি নেতা ডন ডেভিস, গ্রিন পার্টির এলিজাবেথ মে এবং ব্লক কুইবেকোয়া নেতা ইভ-ফ্রাঁসোয়া ব্ল্যাঙ্কেট।
উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারি কানাডার টাম্বলর রাইজ শহরের টাম্বলর রিজ স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় মোট ১০ জন নিহত হয়েছে। যার মধ্যে সন্দেহভাজন হামলাকারীও ছিল। পুলিশ জানিয়েছে, স্কুলে গুলির ঘটনায় ৮ জন মারা যান এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়ি থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটিতে এ ঘটনায় পুরো কানাডার নাগরিকদের মধ্যে গত কয়েকদিন ধরে শোকের ছায়া নেমে এসেছে।।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ ফেব্রুয়ারি ২০২৬/এএ




