Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলমান তীব্র তাপপ্রবাহে চারদিকে হাঁসফাঁস অবস্থা। রাজধানী ঢাকাতেই তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই। এই গরমে দেশের রেললাইনগুলোতে তাপমাত্রা গিয়ে ঠেকছে ৫০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। এতে রেললাইন বেঁকে সম্ভাব্য দুর্ঘটনা রোধে সব ধরনের ট্রেনের গতি কমিয়ে চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার বিকেলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

অসীম কুমার জানিয়ছেন, তাপমাত্রার কারণে লাইন বেঁকে যায় আর এতে দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে রেলওয়ের কন্ট্রোলরুম থেকে তাদের গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ দেয়া হয়েছে। তিনি জানান, মূলত বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকে। তার পরও তাপমাত্রার ওপর নির্ভর করে এই সময় কমবেশি হতে পারে। তাপমাত্রা যখন থেকেই প্রতিকূল অবস্থায় থাকে, তখনই এই নির্দেশনা কার্যকর হয়।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের একটি সেকশনের একটি ট্রেনকে আজ বুধবার দুপুরে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে চালাতে নির্দেশ দেয়া হয়েছে। অসীম কুমার তালুকদার বলেন, স্থান, কাল, পাত্রের ওপর নির্ভর করে এই নির্দেশনা কার্যকর হবে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সেকশনের পরিবেশ, ট্র্যাকের কন্ডিশনসহ সবকিছু বিবেচনা করে এটি কার্যকর হয়। তিনি আরও বলেন, নতুন ট্র্যাকগুলো ৬০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নিতে পারে। আবার পুরোনো ট্র্যাকগুলো অত বেশি তাপমাত্রা নিতে পারে না। স্থানীয় কন্ডিশনের ওপর ভিত্তি করে এই নির্দেশনা দেয়া হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ এপ্রিল ২০২৪ /এমএম

 


Array