প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শীত শেষে বসন্ত চলছে। প্রকৃতিতে এখন ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দিনের শুরুতে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। এ অবস্থায় আবহাওয়া অফিসের তথ্যমতে, কয়েক দিন সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এরপর তাপমাত্রা বেড়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, আগামীকাল রোববার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরবর্তী ২৪ ঘণ্টা রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার দেশের সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে। এ ছাড়া ঢাকায় তাপমাত্রা সর্বনিম্ন ১৮.৮ ও সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৯ মার্চ ২০২৪ /এমএম





