Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে ঢাকা। বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকা শীর্ষ অবস্থানে রয়েছে। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচকে এ তথ্য দেখা গেছে।

তালিকায় শীর্ষে অবস্থান করা রাজধানীর বাতাসের মানের স্কোর ২৬২, অর্থাৎ নগরবাসীর জন্য আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। আর দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তানের করাচী শহর, যার বাতাসের মানের স্কোর ২১৭। এই মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

তালিকার শীর্ষ তিন নম্বরে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর লাহোর। শহরটির স্কোর ২০০। তালিকার চার নম্বরে আছে চীনের উহান শহর। যার স্কোর ১৯৪। অন্যদিকে ১৯৩ ও ১৮০ স্কোর নিয়ে তালিকায় পাঁচ ও ছয় নম্বরে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি ও কলকাতা শহর। অর্থাৎ শহরগুলোর আজকের বাতাস অস্বাস্থ্যকর।

প্রসঙ্গত, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৯ জানুয়ারি ২০২৪ /এমএম

 


Array