বাংলানিউজসিএ ডেস্ক :: পদ্মা সেতু দিয়ে ২০২১ সালের জুনের মধ্যেই যানবাহন চলাচল শুরু করবে বলবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যেভাবে স্বপ্নের পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে তাতে সম্ভব হবে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর বাস্তবায়ন কাজের অগ্রগতি ৮৩ শতাংশ, আর্থিক অগ্রগতির ৭২ শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ শতাংশ এবং আর্থিক অগ্রগতির ৪৮ শতাংশ।সেতুমন্ত্রী বলেন, মাওয়া সাইটে এ পর্যন্ত ট্রাস (স্প্যান) এসেছে ২৭টি, এর মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে। এছাড়া অবশিষ্ট স্প্যানগুলোর কাজ চীনে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টের (সেতুর দুই প্রান্তের স্থলভাগের অংশ) পাইলিং এবং পিয়ারের কাজ শেষ হয়েছে। বর্তমানে পিয়ার ক্যাপের কাজ শেষ পর্যায়ে এবং গার্ডার স্থাপনের কাজ চলছে।
অনুষ্ঠানে অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ আগস্ট ২০১৯ / এমএম





