Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে নীলক্ষেত মোড় অবরোধ করে এই দাবি জানান তারা। অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

জানা গেছে, একই দাবিতে টানা ৩ দিন ধরে অনশন করেছেন আন্দোলনকারীরা। অনশনে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে আসেন তারা। পরে মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মোড়ের সঙ্গে সংযুক্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। বিষের বোতল হাতে নিয়ে অবস্থান নিয়েছিলেন কয়েকজন। দাবি মেনে না নিলে বিষপানের হুমকিও দিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং ম্যুরাল) স্থাপনের দাবিগুলো জানানো হয়েছে। এসব দাবি আদায়ের জন্য ৩০ আগস্ট থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রাজু ভাস্কর্যের সামনেও আমরণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকালে আমাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। যার জন্য আমরা নীলক্ষেতে এসেছি।আন্দোলনকারী ফাতেমা আক্তার সাথী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। নীলক্ষেত মোড়ে এলে পুলিশ আমাদের বাধা দেয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৭ অক্টোবর ২০২৩ /এমএম

 


Array