বাংলানিউজসিএ ডেস্ক :: বিদেশ যাওয়ার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কেউ যাতে দালালের ধোঁকায় না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ আহ্বান জানান তিনি। পাশাপাশি কেউ যাতে দালালের ধোঁকায় না পড়ে, সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী সভায় বলেন, মানুষ বিদেশে যাবে এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু কোথাও গিয়ে তারা যেন অকালে হারিয়ে না যায়, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেয়া… কারণ তারা আমাদেরই নাগরিক। তাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব আমাদের রয়েছে।
মুখরোচক কথায় দালালের খপ্পরে পড়ে বিদেশ না যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু কিছু দালাল শ্রেণির লোক সোনার হরিণের স্বপ্ন দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে মানুষকে দেশের বাইরে পাঠায়। মানুষ যাতে ওদের মুখরোচক কথার ধোঁকাবাজিতে না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। সতর্ক থাকতে হবে। এভাবে কোথাও গিয়ে কেউ যেন অকালে হারিয়ে না যায়।
এসময় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ আগস্ট ২০১৯ / এমএম





