প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ৪০ ছুঁইছুঁই করছে ঢাকার তাপমাত্রা। গতকাল মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এর আগের দিন সোমবার যা ছিল ৩৯ দশমিক ৪। বুধবারও সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৮ ডিগ্রিতে রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।এদিকে দেশের চার জেলার ওপর দিয়ে তীব্র এবং অন্যান্য স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং তিনদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে তিনি বলেন, এই সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ও রাজারহাটে ২২ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সিলসিয়াস।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ মে ২০২৩ /এমএম





