প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঈদুল ফিতরের আর মাত্র পাঁচদিন বাকি। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকা ছাড়ছেন অনেকেই। আগামীকাল (সোমবার, ১৭ এপ্রিল) থেকে ট্রেনে শুরু হচ্ছে ঈদযাত্রা। এদিন থেকেই শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রা, এই টিকিট ১০ দিন আগে বিক্রি করা হয়।এবার ঈদুল ফিরত উপলক্ষে ১৭-৩০ এপ্রিল পর্যন্ত সব অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। রেলওয়ের ঈদ স্পেশাল সার্ভিসে এবার ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে।
এদিকে ঈদের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার (১৫ এপ্রিল) থেকে। এদিন বিক্রি করা হয়েছে ২৫ এপ্রিলের যাত্রার টিকিট। একইভাবে রোববার (১৬ এপ্রিল) বিক্রি হয়েছে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।
এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা যাত্রীসেবার মান বাড়াতে চাই। কোনো হয়রানি ছাড়া যেসব যাত্রী টিকিট কেটে যাবেন তারা যেন নিরাপদে যেতে পারেন সে চেষ্টাই করে যাচ্ছি। সারাবছর রেলকে একটি সিস্টেমে আনতে চাইলেও ঈদের সময় সেটি ভেঙে পড়ে। কিন্তু এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। এখন আর আগের চিত্র নেই। অতীতের যে কষ্টের অভিজ্ঞতা ছিল, সেটা যেন সামনের দিনে গল্পের মতো শোনা যায় সেই চেষ্টা করা হচ্ছে।
বিনা টিকিটে ভ্রমণে যাত্রীদের সতর্ক করে তিনি বলেন, ঈদ যাত্রায় যেন বিনা টিকিটে কেউ ভ্রমণ করতে না পারে সেজন্য কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। বানানো হয়েছে অস্থায়ী বাঁশের গেট। এবার বাইরে থেকেই গেট করা হচ্ছে। যারা বিনা টিকিটে ভ্রমণ করতে চাইবেন তাদের বাইরে থেকেই আটকে দেওয়া হবে।
রেলওয়ের সূত্র জানায়, ঈদ উপলক্ষে আন্তদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। এছাড়া ঈদযাত্রা উপলক্ষে ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেসের ট্রেনের ঢাকার বিমানবন্দর স্টেশনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। এছাড়া সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল করা হয়েছে।
রেলওয়ে ঈদ স্পেশাল সার্ভিস
ঈদযাত্রায় যাত্রীদের সুবিধায় ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এগুলো হলো চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫ এবং পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।
অন্যদিকে শোলাকিয়ায় ঈদের নামাজের যাত্রীদের জন্যে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ ট্রেন চলাচল করবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ এপ্রিল ২০২৩ /এমএম





