প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঈদ মানেই আনন্দ, প্রিয়জনদের কাছে ফেরা, প্রিয় মানুষদের সাথে সময় কাটানো। ঈদের সময় সারাদেশের মানুষজন বিভিন্ন জায়গা থেকে নিজ নিজ বাড়িতে ফেরেন প্রিয় মানুষদের কাছে। কেউ ফেরেন বাসে, কেউ ফেরেন লঞ্চে আবার কেউ বা ফেরেন ট্রেনে।
আগামী ২২ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারই প্রথমবারের মতো শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে ৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ের তথ্য মতে, ঈদের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৫৩টি যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ২১৮টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অগ্রিম ফিরতি টিকিটের মধ্যে ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল বিক্রি হবে এবং ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল বিক্রি করা হবে।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে গত ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিট (ঢাকা থেকে যাওয়ার) বিক্রি করেছে রেলওয়ে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তিন দিনের (২২, ২৩ ও ২৪ এপ্রিল) টিকিট বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের শোভন শ্রেণির (নন-এসি) মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদকে কেন্দ্র করে এবার মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ এপ্রিল ২০২৩ /এমএম





