প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ২০২২ সালে ৬ হাজার ৮২৯ দুর্ঘটনায় ৭ হাজার ৭১৩ জন নিহত হয়েছেন। আর আহত ১২ হাজার ৬১৫ জন। এ হিসেবে গতবছর দৈনিক গড়ে ২১ দশমিক ১৩ জন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়।শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘২০২২ সালের সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
এর আগে গত ২ জানুয়ারি যাত্রী কল্যাণ সমিতি নামের আরেকটি সংগঠন বার্ষিক প্রতিবেদনে জানিয়েছিল ২০২২ সালে সড়কে ৯ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন। আর গত ৪ জানুয়ারি নিরাপদ সড়ক চাই (নিসচা) জানায়, ৩০ শতাংশ প্রকাশিত ও দুর্ঘটনা পরবর্তী মৃত্যুসহ ২০২২ সালে সড়কে ৭ হাজার ৪৮৮ জনের প্রাণহানি হয়েছে। তিন সংগঠনের প্রতিবেদনে সংখ্যায় তারতম্য থাকলেও, সবগুলোতেই বলা হয়েছে ২০২২ সালে সড়কে দুর্ঘটনা ও হতাহত বেড়েছে।
দুই সংগঠনের মতো রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনেও বলা হয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক দুর্ঘটনায় মোটরসাইকেলের সংশ্নিষ্টতা রয়েছে। ২ হাজার ৯৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ হাজার ৯১ জন। যা মোট নিহতের ৪০ দশমিক শূন্য ৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩ দশমিক ৫৩ শতাংশ। ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালে মোটরসাইকেল বাদে অন্যান্য যানবাহনে দুর্ঘটনাও প্রাণহানির সংখ্যা প্রায় একই রকম। মোটরসাইকেলে বাড়ছে দুর্ঘটনা ও হতাহত।
রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেলের খবেরর ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। গত বছরে ১৯৭টি নৌ দুর্ঘটনায় ৩১৯ জনের প্রাণ গেছে। ৭৩ জন আহত এবং ৯২ জন নিখোঁজ হয়েছেন। ৩৫৪টি রেলপথ দুর্ঘটনায় ৩২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১৩ জন।
দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইনের বাস্তবায়নসহ ১০ দফা সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ শরীফ, অধ্যাপক হাসিনা বেগম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ রাব্বি, সাংবাদিক-কলামিস্ট তারিক চয়ন প্রমুখ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জানুয়ারি ২০২৩ /এমএম





