Menu

নড়াইলের সকল ডেঙ্গু রোগীর দায়িত্ব নিলেন মাশরাফি

বাংলানিউজসিএ ডেস্ক :: দেশের ৬১ জেলায় ডেঙ্গুর বিস্তার ঘটেছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিনিয়ত হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে। এর ব্যতিক্রম নয় মাশরাফি বিন মুর্তজার জেলা নড়াইল। এই যখন অবস্থা তখন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নিজ নির্বাচনী এলাকার সব হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীর দায়িত্ব নিলেন নিজে।

মাশরাফি বলেন, আমার নির্বাচনী এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা সবার পাশে আছি আমি। তাদের চিকিৎসার দায়িত্ব আমার। সংসদ সদস্য হিসেবে এলাকার জনগণের পাশে থাকা আমার নৈতিক কর্তব্য। আমি আমার দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট আছি। সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।মঙ্গলবার (৩১ জুলাই) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নিজ নির্বাচনী এলাকা নড়াইল সদর ও লোহাগাড়ার অন্তর্ভুক্ত সব হাসপাতালের উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন ম্যাশ। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন মাশরাফি।

মাশরাফি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে আমাদের কাজ করে যেতে হবে। দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা হলে দ্রুত আমরা ডেঙ্গুসহ যেকোনো সমস্যার বিরুদ্ধে জয়ী হতে পারব।স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, নড়াইলে দুজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩৬৯ জন। এদের মধ্যে ১০ হাজার ৯৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৪০৮ জন। শুধুমাত্র জুলাই মাসেই (১-৩০ জুলাই) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৮২ জন।

সরকারি হিসাব মতে ঢাকায় ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭৩ জন আক্রান্ত হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা ৩৬১ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৫৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এসব তথ্য জানিয়েছেন। যদিও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে ইউএনবি প্রতিনিধিদের পাঠানো সংখ্যার চেয়ে অনেক বেশি।

বাংলানিউজসিএ/ঢাকা / ৩১ জুলাই ২০১৯/ এমএম


Array