Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আবারও হাজার ছাড়িয়েছে। গত এক দিনে এক হাজার ২০ জন ডেঙ্গু রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। উল্লেখিত সময়ে ডেঙ্গুতে মারা গেছে দুইজন।রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৬৩০ জন ডেঙ্গু-আক্রান্ত রোগী। আর এখন চলতি বছর ডেঙ্গুতে ১৩৬ জন মারা গেছেন।গত ২৩ অক্টোবর ১০৩৪ জন ডেঙ্গু-আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেটি এ বছর একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তির রেকর্ড।প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৬১৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০২ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৫০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২৮০ জন।এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ১৫১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ৩৮৫ জন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ অক্টোবর ২০২২ /এমএম


Array