Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে নিতে চায় দুই দেশ। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে দুই দেশের সম্পর্ক আরও একধাপ উন্নতি হবে। সফরের নানা বিষয় চূড়ান্ত করতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের কর্মকর্তারা বৈঠক করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকা সফররত জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমের অনুবিভাগের মহাপরিচালক আরিমা ইউতাকা সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে বৈঠকে আলোচনা হয়। এতে দুই বন্ধুপ্রতিম দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছরের প্রাক্কালে শেখ হাসিনার সফরটি ইতিহাস হয়ে থাকবে বলে আরিমা ইউতাকা আশা প্রকাশ করেন।

উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, তথ্য ও প্রযুক্তি, শিক্ষা, প্রতিরক্ষা সংলাপ ও বিনিময়, মানুষে মানুষে যোগাযোগ, রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থনৈতিক অংশীদারিত্বসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর আসন্ন সফরে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে দুই দেশ একমত। এ ছাড়া জাতিসংঘের পুনর্গঠন, নিরস্ত্রীকরণ, পরমাণু নিরস্ত্রীকরণ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা আরও বাড়াতেও একমত ঢাকা-টোকিও।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের সময়ে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার আসন্ন সফর নিয়ে আলোচনা করতে বুধবার রাতে দুই দিনের ঢাকা এসেছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমের মহাপরিচালক।

আরিমা ইউতাকার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকা এসেছেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর দুই দেশের সংশ্নিষ্ট মহাপরিচালকের নেতৃত্বে প্রতিনিধি দল আলাদা বৈঠক করেন। জাপানের প্রতিনিধি দলটির আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ অক্টোবর ২০২২ /এমএম

 


Array