প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য রপ্তানি বন্ধের আগে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আগাম বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সাম্প্রতিক ভারত সফর নিয়ে বুধবার বিকাল ৪টা ১০ মিনিটে গণভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য চিনি, পেঁয়াজ, আদা, রসুনের মতো সব পণ্যের রপ্তানি বন্ধের আগে বাংলাদেশকে আগাম বার্তা দেবে ভারত। সে অনুযায়ী বাংলাদেশ সরকার পদক্ষেপ নেবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এবারের সফরে গঙ্গার পর প্রথমবারের মতো অভিন্ন নদী কুশিয়ারা থেকে সুরমা-কুশিয়ারা প্রকল্পের আওতায় ১৫৩ কিউসেক পানিবণ্টনে আমরা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। এই সমঝোতা স্মারকের ফলে রহিমপুর সংযোগ খালের মাধ্যমে পাঁচ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে।সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যের পর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন সরকারপ্রধান।
গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।সফরে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানিবণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধের বিষয়গুলো গুরুত্ব পায়।সফর শেষে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ সেপ্টেম্বর ২০২২ /এমএম





