প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সদ্য শুরু হওয়া মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই জোড়া গোলের দেখা পেয়েছেন পিএসজির আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। শনিবার রাতে ক্লারমন্ত ফুটের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা। মেসি ছাড়াও গোলের দেখা পেয়েছেন নেইমার, হাকিমি ও মার্কুইনিস।
ক্লারমন্ত ফুটের মাঠে খেলতে নেমে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সফররত পিএসজি। পুরো ম্যাচের ৬২ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছিলো প্যারিস সেইন্ট জার্মেইনের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট ১২টি। এর মধ্যে গোল হয়েছে পাঁচটি।অন্যদিকে ঘরের মাঠে খেলতে নেমে পুরো ম্যাচের ৩৮ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয়েছে ক্লারমন্ত ফুটের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র একটি।
এদিন খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফররত পিএসজি। সেই সুবাদে নবম মিনিটের মিলে প্রথম গোলের দেখা। পিএসজির হয়ে প্রথম গোলটি করেন ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। এরপর ম্যাচের ২৬তম মিনিটে আশরাফ হাকিমি ও ৩৮তম মিনিটে মার্কুইনিস গোল দিলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
বিরতির পর পিএসজির আক্রমণের ধার কমায় সফরকারীরা। এরপরও দ্বিতীয়ার্ধে আসে দুটি গোল। আর এই দুটি গোলই করেন লিওনেল মেসি। ৮০তম মিনিটে মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে ডি-বক্সে ঢোকার মুখে বাঁ দিকে নেইমারকে পাস দেন মেসি। নেইমার আবারও মেসিকে বল দিলে নিজের প্রথম গোলটি করেন মেসি। এর ঠিক ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন এই আর্জেন্টিাইন তারকা। আর ম্যাচটি ৫-০ গোলের বড় ব্যবধানে জিতে নেয় পিএসজি।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ আগস্ট ২০২২ /এমএম





