প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। সমঝোতা স্মারক চারটি হলো- বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং আমিরাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা, দুই দেশের ফরেন সার্ভিসেস একাডেমি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা।
মঙ্গলবার দুবাই এক্সিবিশন সেন্টারে দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।বৈঠকে দুই নেতার উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় হয়।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং দুই দেশের পররাষ্ট্র সচিবরা ফরেন সার্ভিসেস একাডেমির মধ্যে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এ ছাড়াও দুই দেশের বিআইআইএসএস এবং ইসিএসএসআর-এর মহাপরিচালকরা একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন । এফবিসিসিআই সভাপতি এবং দুবাই চেম্বারের প্রধান নিজ নিজ দেশের পক্ষে অবশিষ্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পাঁচ দিনের সরকারি সফরে আরব অঅমিরাত গেছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ মার্চ ২০২২ /এমএম




