Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। মঙ্গলবার রাতে কলম্বিয়াকে বিপদের মুখে ঠেলে দিয়ে ১-০ গোলে জয় পেয়েছে লা আলবেসেলেস্তারা। অপরদিকে আনুষ্ঠানিক ম্যাচে নিজেদের মাঠ স্টাডিও মিনেইরোয় প্যারাগুয়ের জালে রীতিমত গোল উৎসব করেছে ফিলিপ কৌতিনহো, রাফিনহা, রদ্রিগোরা। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতির জন্য লিওনেল মেসিকে বাইরে রেখেই এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আর্জেন্টিনা। কিন্তু তাতে তাদের টানা জয়ের রেকর্ড ভাঙেনি বরং, আরও বৃদ্ধি পেলো। কলম্বিয়ার বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বৃদ্ধি করে নিলো লিওনেল স্কালোনির শিষ্যরা।

আর্জেন্টিনার জয়ে বিপদ বেড়েছে কলম্বিয়ার। কারণ, ১৫ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে নেমে গেছে কলম্বিয়া। পয়েন্ট টেবিলের সেরা চারটি দল সরাসরি খেলবে কাতার বিশ্বকাপে। পঞ্চম দলটি সুযোগ পাবে মহাদেশীয় প্লে-অফ খেলার। বাকিদের বিদায় নিতে হবে। সে জায়গায়, আর্জেন্টিনার কাছে হেরে কলম্বিয়া নেমে গেছে সপ্তম স্থানে।আর্জেন্টিনার কর্ডোভার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন লওতারো মার্টিনেজ। ম্যাচের ২৯তম মিনিটে গোলটি করেন তিনি।

এদিকে, ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হেরে এবারের কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন চূর্ণ হয়ে গেছে প্যারাগুয়ের। ১৬ ম্যাচ শেষে ১০ দলের মধ্যে ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে তারা। বিশ্বকাপ বাছাই পর্বে তাদের বাকি আছে আর কেবল ২টি ম্যাচ। এই দুটি ম্যাচ জিতলেও চতুর্থ কিংবা পঞ্চম স্থানে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং, আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের।

ব্রাজিলের হয়ে গোল করেছেন রাফিনহা, ফিলিপ কৌতিনহো, অ্যান্তোনি এবং রদ্রিগো। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রদ্রিগোর এটা ব্রাজিল জার্সিতে প্রথম আন্তর্জাতিক গোল।বিশ্বকাপ বাছাই পর্ব যেহেতু আগেই উৎরে গেছে ব্রাজিল, সে কারণে এই আন্তর্জাতিক উইন্ডোতে দলে বেশ কিছু পরীক্ষা করার সুযোগ নিচ্ছেন কোচ তিতে। ইনজুরির কারণে মূল তারকা নেইমার নেই দলে। প্যারাগুয়ের বিরুদ্ধে একগুচ্ছ পরিবর্তন ঘটিয়েও জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array