Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বিশ্বকাপের শুরুটা বাজে হলেও টানা দুই জয়ে সুপার টুয়েলভে উঠেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের মূলপর্বে আরো হতশ্রী টাইগাররা। বোলার, ফিল্ডার ও ব্যাটাসম্যানের দায়িত্বহীনতায় ইতোমধ্যে এই পর্বের দুটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসরে টিকে থাকার ম্যাচ।

শারজায় নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবেন টাইগাররা। এবারের আসরের সুপার টুয়েলভে এখনও জয়হীন দুদলই। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া খেলাটি সরাসরি দেখাবে জিটিভি ও টি স্পোর্টস।টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত খেলেছে মোট ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এর মধ্যে ছয়টিতে হারের বিপরীতে জিতেছে পাঁচটিতে। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে দুইবারের দেখায় একটি করে জয়-পরাজয়।

ঘুরে দাঁড়ানোর শেষ ভরসার ম্যাচে আজ একাদশে আসতে পারে একটি পরিবর্তন। বাংলাদেশ নামতে পারে তিন পেসার নিয়ে। সেক্ষেত্রে বাদ যেতে পারেন ইংলিশদের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করা নাসুম আহমেদ। একাদশে ঢুকতে পারেন তাসকিন আহমেদ অথবা রুবেল হোসেন। ওপেনিংয়ে টানা ব্যর্থ হলেও লিটন দাসের প্রতি এখনো আস্থা হারাচ্ছে না বোর্ড। চোটের কারণে একাদশে না থাকতে পারেন নুরুল হাসান সোহান। সেক্ষেত্রে দুটি পরিবর্তন থাকতে পারে একাদশে। বিপরীতে অপরিবর্তিত দল নিয়ে খেলতে পারে ক্যারিবিয়ানরা।

কোনোমতে সুপার টুয়েলভে উঠার পর মূলপর্বের খেলায় সুবিধা করতে পারছে না বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে। এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে টাইগারদের।

অন্যদিকে একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচেও পাত্তাই পায়নি। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানেই।পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই দুদলের কেউই। দুই ম্যাচে উভয় দল দুটি করে হারলেও নেট রানরেটে কিন্তু এগিয়ে আছে বাংলাদেশই। ফলে কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে মাহমুদউল্লাহ রিয়াদরা। অন্যদিকে রানরেটে পিছিয়ে থাকার কারণে টেবিলের তলানিতে অবস্থান বর্তমান চ্যাম্পিয়নদের।

অবশ্য ম্যাচের আগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নুরুল হাসান সোহানের কণ্ঠেও বিজয়ের সুর। ‘খেলা শেষেই ফল দেখা যাবে কিন্তু আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে হবে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই তিন সিরিজে টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলেছি, সেগুলো আরো বেশি অনুপ্রেরণা দেবে।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: লেন্ডল সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড(অধিনায়ক), শিমরন হ্যাটমায়ার, আন্দ্রে রাসেল, ডুয়াইন ব্রাভো, হেইডেন ওয়ালশ, আকিল হোসাইন এবং রবি রামপল

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ অক্টোবর  ২০২১ /এমএম

 


Array