Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু সংখ্যা আগের চেয়ে অনেক কমে এলেও এখনই তা নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যেভাবেই হোক করোনাকে নিয়ন্ত্রণে রাখতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের (ওয়েসিস) উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। এটা নিয়ন্ত্রণে রাখতে হবে।’

অনুষ্ঠানে দেশে করোনার টিকা উৎপাদনের বিষয় নিয়েও কথা বলেন জাহিদ মালেক। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে করোনার টিকা উৎপাদন করতে চাইলে তারা কাঁচামাল দিয়ে সহায়তা করবে। যদি উৎপাদন শুরু করতে পারি তাহলে দেশের চাহিদা মিটিয়ে আমরা তা বিদেশেও রপ্তানি করতে পারবো ‘

টিকা উৎপাদনের বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা যদি করোনার টিকা দেশে উৎপাদন করতে চাই তাহলে কাঁচামাল (র মেটেরিয়াল) দিয়ে তারা সহায়তা করবে। এটা সম্ভব হলে আমরা বিদেশে টিকা রপ্তানি করতে পারবো। ভ্যাকসিনের জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। করোনা নিয়ন্ত্রণে না থাকলে অর্থনীতিসহ দেশের কোনও কিছু নিয়ন্ত্রণে থাকে না। আমরা একদিনে ৮০ লাখ টিকা দিয়েছি, যা পৃথিবীর অনেক কম দেশে দেওয়া সম্ভব হয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা দেড় বছর ধরে করোনার চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের পুলিশ বাহিনী এ ব্যাপারে সহায়তা করে আসছে। এখন দিনে ৫০ হাজার টেস্ট হচ্ছে। চিকিৎসার জন্য করোনার বেড রয়েছে ২০ হাজার। আইসিইউ বেড ছিল ২০০, এখন দুই হাজারের অধিক। এখন অনেক স্থানেই ৯০ ভাগের মতো আইসিইউ বেড ফাঁকা পড়ে আছে। এখন তেমন করোনা রোগী নেই।

অনুষ্ঠানে মাদকের কুফল নিয়ে কথা বলার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাদক নিরাময়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাও প্রশংসা করেন মন্ত্রী।জাহিদ মালেক বলেন, অল্প বয়সের ছেলেমেয়েরা মাদকে জড়িয়ে পড়ছে। বাংলাদেশে প্রায় ৫০ লাখ মানুষ মাদকাসক্ত। এই সংখ্যাটি আরও বেশি হতে পারে। আমরা আশা করবো প্রতিটি বিভাগে এ ধরনের মাদক নিরাময় কেন্দ্র নির্মাণের জন্য পুলিশ কাজ করবে। আধুনিক চিকিৎসা দিয়ে মাদকাসক্তদের সারিয়ে তুলবে এবং এবং সুস্থ জীবনে তাদের ফিরিয়ে নিয়ে কাজ করে যাবে।সরকারিভাবে এই মাদক নিরাময় কেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেন জাহিদ মালেক।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ অক্টোবর  ২০২১ /এমএম


Array