Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সময়টা ভালো কাটছে না পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর দুই ম্যাচে মাঠে নামলেও ইনজুরির কারণে গত ম্যাচে মেটজের বিপক্ষে খেলতে পারেননি তিনি। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারার কারণে পরের ম্যাচেও তিনি খেলতে পারবেন না বলে জানা যায়।পিএসজির বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের পরের ম্যাচে মন্টপেলিয়ারের বিপক্ষে মাঠে নামবে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর। আগের ম্যাচে পাঁচবারের ব্যালন ডি অর জয়ী মাঠে না নামলেও মন্টপেলিয়ারের বিপক্ষে নামবে বলে আগে গুঞ্জন উঠেছিল। কিন্তু আর্জেন্টাইন তারকা এখনও সুস্থ না হওয়ার কারণে সেটা আর হচ্ছে না।

মেসির না থাকার বিষয়ে অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছিলেন পচেত্তিনো, ‘মেসির সুস্থতাটাই আমার জন্য আসল ব্যাপার। দেখা যাক শনিবার মোনটেপেলেয়িারের বিপক্ষে সে ফিরতে পারে নাকি। আমাদের ডাক্তাররা তার আরও পরীক্ষা-নিরীক্ষা করছে।’

মৌসুম শেষে পিএসজির সম্ভাবনা কেমন? এ নিয়ে পচেত্তিনো বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়নশিপের একদম শুরুতে আছি। এটা বলা কঠিন যে আমরা কোথায় শেষ করব মৌসুম শেষে। এই চ্যাম্পিয়নশিপের একটা মান আছে। সব দলেরই ভালো সুযোগ আছে। আমি আবার বলছি, সাধারণভাবে আমি আমাদের পারফরম্যান্সে খুশি না।’

উল্লেখ্য, এখন পর্যন্ত লিগে ৭ ম্যাচ খেলে সবকটিতে জিতে সর্বোচ্চ ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরেই অবস্থান করছে পিএসজি। এছাড়া ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। আর ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অ্যাঙ্গার্স।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ সেপ্টেম্বর  ২০২১ /এমএম

 


Array