Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ নিজেদের সাত ম্যাচের সবকয়টিতে জিতে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ মহাদেশের পয়েন্ট টেবিলে শীর্ষেই থাকল ব্রাজিল। চিলির মাঠে সান্তিয়াগোয় আজ নিজেদের সপ্তম ম্যাচে ১-০ গোলে জিতে নিজেদের জয়ের রথ থামতে দিল না নেইমার-কাসেমিরোরা।

তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়টা অবশ্য খুব সহজেই ধরা দেয় নাই। স্বাগতিকদের বিপক্ষে এভারটন রিবেইরোর একমাত্র গোলে জয় পায় ব্রাজিল। এতে বাছাইপর্বের ৭ ম্যাচের ৭টিতে জয় নিয়ে শীর্ষে থাকল ব্রাজিল। ৭ ম্যাচে ৪ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সোমবার সাও পাওলোতে মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি।

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের না পাওয়ায় এ ম্যাচে পূর্ণশক্তির দল মাঠে নামাতে পারেননি কোচ তিতে। মাঝমাঠের রক্ষণে কাসেমিরো ও আক্রমণভাগে নেইমারের পাশে গাবিগোলকে খেলান তিনি। ভিনিসিয়ুস ও লুকাস পাকেতা খেলেছেন দুই উইংয়ে।

সান্তিয়াগোর স্টেডিয়ামে ভালো শুরু করে স্বাগতিক চিলি। তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাননি। সুযোগ পেয়েও হাতছাড়া করেন ব্রাজিল। ৩০ মিনিটে রিবাউন্ডে এদুয়ার্দো ভারগাসের নেয়া হেড ঠেকিয়ে দেন ব্রাজিলের কিপার ওয়েভারটন।অবশ্য মিনিট তিনেক পরই বল জালে জড়ায় চিলি। তবে ইভান মোরালেসর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এতে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় দুই দলের প্রথমার্ধ।

বিরতির পর পরিকল্পিত ফুটবল উপহার দেয় তিতের দল। বারবার আক্রমণে ওঠার ফল স্বরুপ ৬৪ মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন রিবেইরোর। ব্রাজিলের নেইমারের শট ঠেকাতে পারলেও ফিরতি শট আর ঠেকাতে পারেননি চিলির অধিনায়ক ব্রাভো।শেষের দিকে বারকয়েক আক্রমণ করলেও ব্রাজিলের রক্ষণ ভেদ করতে পারেনি স্বাগতিকরা। বাছাইপর্বে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে কোনো গোল হজম না করার পাশাপাশি জয়ের মুখও দেখল ব্রাজিল।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ সেপ্টেম্বর  ২০২১ /এমএম


Array