প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার হারকে ‘অঘটন’ হিসেবে দেখেছিল কলকাতার দৈনিক আনন্দবাজার। দ্বিতীয় ম্যাচেও টাইগারদের জয়কে পত্রিকাটি ‘ফের অঘটন’ বলে উল্লেখ করেছিল। তবে সিরিজটি জিতে নিলে ‘চমক’ আর শেষ ম্যাচের দুর্দান্ত জয়কে ‘ক্রিকেটের নতুন মহিমা’ হিসেবে দেখছে পত্রিকাটি।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচ ইতিহাস সৃষ্টি করে জিতে নেন টাইগাররা। ১২৩ রানের ছোট পুঁজিতে অজিদের ৬২ রানেই গুটিয়ে দেয় সাকিব-সাইফউদ্দিনরা। এমন জয়কে বাংলাদেশ ক্রিকেটের নতুন মহিমা হিসেবে উল্লেখ করে পত্রিকাটি শিরোনাম করেছে, ‘বাংলাদেশ ক্রিকেট নতুন মহিমায়, অস্ট্রেলিয়াকে শেষ করে দিলো ৬২ রানে, শাকিবের চার উইকেট’।
তবে এর আগে বাংলাদেশের প্রথম জয়কে ছোট করে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ‘অঘটন’ হিসেবে দেখেছিল! অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের পরে কলকাতার দৈনিকটি শিরোনাম করেছিল, ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’।
এমনিতে বাংলাদেশে নানা ইস্যুতে বিতর্কিত খবর প্রকাশ করে থাকে ভারতের পত্রিকাটি। কয়েকবার বাংলাদেশকে ছোট করেও তারা শিরোনাম করেছিল। পরে তুমুল সমালোচনা হলে তারা ক্ষমা চেয়ে সংশোধন করতো। তবে এবার বাংলাদেশের জয়কে খাটো করে দেখা আনন্দবাজারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে বড় করে দেখাতে বাধ্য করল সাকিব-মাহমুদউল্লাহরা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ আগস্ট ২০২১ /এমএম





