প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদ দেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, পটুয়াখালীতে ৯৫ মিলিমিটার, খেপুপাড়ায় ৭৬ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৭০ মিলিমিটার, সাতক্ষীরায় ৬৫ মিলিমিটার, ঢাকায় ৬৪ মিলিমিটার, ডিমলায় ৫৫ মিলিমিটার, বগুড়ায় ৫০ মিলিমিটার, কক্সবাজারে ৪৩ মিলিমিটার, কুতুবদিয়ায় ৪২ মিলিমিটার। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ জুলাই ২০২১ /এমএম





