প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরে প্রতি ম্যাচেই গোল পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হাঙ্গেরির জালে দুইবার বল পাঠান তিনি। তার একটি গোল ছিল পেনাল্টি কিক থেকে। স্পট কিক থেকে গোল করা সেই গোলে উদযাপনে কটূক্তি করেছেন হাঙ্গেরিয়ান কোচ মার্কো রসি।
এবারের ইউরো মিশনে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেলেও পর্তগালকে প্রায় রুখেই দিয়েছিল হাঙ্গেরি। মাত্র আট মিনিটের ব্যবধানেই বর্তমান চ্যাম্পিয়নরা পেয়েছে তিনটি গোল। ৮৪তম মিনিটে ম্যাচের প্রথম গোলে দলকে এগিয়ে নিয়ে যান আলভারো গোরেইরো।
পরের দুই গোল সময়ের সেরা তারকা ফুটবলার রোনালদো। অবশ্য দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি কিক থেকে। সফল স্পট কিক থেকে গোল করা রোনালদো সেই উদযাপর নিয়ে ইতালিয়ান সংবাদমাধ্যমকে হাঙ্গেরি কোচ বলেন, ‘রোনালদো একজন অসাধারণ ফুটবলার, সে চ্যাম্পিয়ন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু সময় সে বিরক্তিকরও হয়। পেনাল্টির পর সে এমনভাবে উদ্যাপন করল যেন ফাইনালে গোল করেছে। তার মনে রাখা উচিত লোকে এগুলো খেয়াল করে।’
উল্লেখ্য, চলতি ইউরো আসরে এখন পর্যন্ত মোট পাঁচটি গোল করে ইরানের আলি দাইয়ের রেকর্ডে বাগ বসিয়েছেন সিআর সেভেন খ্যাত রোনালদো। দুজনের গোল সংখ্যাই এখন ১০৯টি। নকআউট ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে একটি গোল করতে পারলেই ইরানি কিংবদন্তিকে ছাড়িয়ে আন্তার্জাতিক ম্যাচে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার হওয়ার গৌরব অর্জন করবেন পর্তুগিজ দলনেতা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ জুন ২০২১ /এমএম





