প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সমগ্র ভারতের দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। আগামী ৯ এপ্রিল শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের ভেন্যুগুলোর মধ্যে একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই ভেন্যুর ৮ মাঠকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যার কারণে অনুশীলন নিয়ে চিন্তায় বিভিন্ন দল। মাঠকর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবরে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে ওয়াংখেড়েতে। ১০ এপ্রিল সেই ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। ২৫ এপ্রিল পর্যন্ত খেলা রয়েছে সেখানে। মাঠে দর্শক ঢুকতে দেওয়া হবে না তা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় বোর্ড। মহারাষ্ট্রে করোনা যে হারে বাড়ছে তাতে আশঙ্কা তৈরি হয়েছে সেখানকার সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
বেশির ভাগ মাঠকর্মী ট্রেনে যাতায়াত করেন। সেখান থেকেই করোনা সংক্রমণ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বাকি কর্মীদের জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়াশন স্টেডিয়ামেই থাকার ব্যবস্থা করার পরিকল্পনা করছে।
ভেন্যু কর্তৃপক্ষ বলছে, ‘মাঠকর্মীদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করছি। স্টেডিয়ামে প্রচুর ঘর রয়েছে যেখানে তাঁদের রাখা যেতে পারে। আইপিএলের ম্যাচ হওয়া নিয়ে কোনো চিন্তা নেই। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩ এপ্রিল ২০২১ /এমএম





