প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিব পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শহীদদের।
মহান ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে প্রতিবছর রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত হয়ে শহীদদের শ্রদ্ধা জানান। তবে এবার করোনাভাইরাস মহামারির কারণে তাদের শহীদ মিনারে যাওয়া সম্ভব হয়নি।
রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রতিবছর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামলেও এবার দেখা গেছে ভিন্ন আবহ। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী আগেই জানিয়েছে, সবাইকে স্বাস্থ্যবিধি ও ন্যূনতম সামাজিক দূরত্ব মেনে শ্রদ্ধা নিবেদন করতে হবে। একসঙ্গে পাঁচজনের বেশি লোক শহীদ মিনারে যেতে পারেব না।
নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। শহীদ মিনারের সব প্রবেশমুখে হাত ধোয়ার জন্য বেসিন ও লিকুইড সাবান রাখা হয়েছে। মাস্ক পরা ছাড়া কেউ শহীদ মিনার চত্বরে প্রবেশ করতে পারবেন না।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ ফেব্রুয়ারি ২০২১ /এমএম





