
বাংলানিউজসিএ ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ব্লক রেইড দেয়া হবে। ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসানো হবে। এছাড়া ঈদের সময় পেশাদার চালক ছাড়া অন্য কাউকে রাজধানীতে গাড়ি চালাতে দেয়া হবে না। এ ব্যাপারে যানবাহনগুলোতে কঠোর নজরদারি করা হবে বলে জানান তিনি। ১৯ মে রোববার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী, কোস্টগার্ডের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা এই সভায় উপস্থিত ছিলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অদক্ষ চালকরা যানবাহন চালানোয় ঈদের সময় দুর্ঘটনা বেড়ে যায়। এ কারণে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি চালাতে দেয়া হবে না। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। এছাড়া পরিবহনে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঈদ ঘিরে সব কিছু বিবেচনায় রেখেই তারা নিরাপত্তা প্রস্তুতি সাজাচ্ছেন। সব জায়গায় আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। বুদ্ধপূর্ণিমা ঘিরেও অনেক কথা শোনা গিয়েছিল। কিন্তু সবকিছু ভালোভাবে, শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আগামী ঈদুল ফিতরও আমরা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারব ইনশাল্লাহ। ঈদ সামনে রেখে দোকানপাট এবং তৈরি পোশাক খাতের শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে ৪ জুনও কিছু এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, পোশাক শ্রমিকদের বেতন ভাতা দেয়ার সুবিধার্থে ব্যাংক খোলা রাখতে এফবিসিসিআইয়ের অনুরোধ আছে। এ কারণে বিশেষ বিশেষ এলাকায় জুনের ৪ তারিখও ব্যাংক খোলা থাকবে। এছাড়া ১ ও জুন ব্যাংক খোলা থাকবে। ঈদুল ফিতর উপলক্ষে টার্মিনাল, মার্কেট, দোকানপাট, ঈদগাহসহ সব জায়গায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শিল্পাঞ্চলসহ বিভিন্ন জায়গায় আমাদের পর্যাপ্ত সিসি ক্যামেরা আছে। কেউ যদি নাশকতা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কূটনৈতিক এলাকার নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে।
জঙ্গি হামলার আশঙ্কা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গোয়েন্দারা তৎপর রয়েছে। বুদ্ধপূর্ণিমা সফলভাবে পালিত হয়েছে। আশা করছি ঈদও সুন্দরভাবে পালিত হবে। ঈদের সময় ঢাকায় বাড়তি নিরাপত্তাসহ টহল জোরদার করা হবে। এছাড়া লঞ্চ, বাসে অতিরিক্ত ভাড়া নেয়া হলে ব্যবস্থা নেয়া হবে। ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশেষ রেলের পাশাপাশি, বিআরটিসি’র বিশেষ বাসও চালানো হবে বলে জানান তিনি।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ মে ২০১৯/ এমএম




