Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো করোনা নিয়ম ভঙ্গের জন্য শাস্তি পেতে পারেন। কারণ, তিনি নিয়মের বাইরে গিয়ে ইতালির দুইটি অঞ্চলের মধ্যে ভ্রমণ করেছেন। তার এই বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগুয়েজ সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, তারা স্নোমোবাইলে চড়ছেন। তারা ইতালির একটি মাউন্টেন রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন।

ইতালিতে বর্তমান আইন অনুযায়ী কোভিড ‘অরেঞ্জ জোন’ এর মধ্যে ভ্রমণ করা নিষিদ্ধ। যদি কারও একান্ত কোনো প্রয়োজন হয় তাহলে সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু রোনালদো-জর্জিনা এই নিয়ম ভঙ্গ করেছেন। মূলত জর্জিনার ২৭তম জন্মদিন উদযাপন করতে রোনালদো সেখানে গিয়েছিলেন।

ইতালির সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, গত মঙ্গলবার রোনালদো আর্জেন্টাইন এই মডেলকে পিয়েডমন্ট অঞ্চল থেকে ভ্যালি ডি’অ্যাওস্তাতে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে তুরিনে ফেরেন রোনালদো।

দোষী সাব্যস্ত হলে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড এবং তার স্ত্রী উভয়কেই বড় অঙ্কের জরিমানা করা হতে পারে। ইতালিতে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যাও অনেক বেশি।

চলতি মৌসুমের শুরুর দিকে রোনালদো নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার আগ মুহূর্তেই পর্তুগালের হয়ে খেলায় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পর্তুগিজ তারকা রোনালদো করোনা পজিটিভ হওয়ার পর পর্তুগাল দলের ‘বাবল’ ভেঙে তুরিনে ফিরেছিলেন। এরপর ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা রোনালদোর এই আচরণকে ‘উদ্ধত’ ও ‘অসম্মানের’ বলে উল্লেখ করেছিলেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ জানুয়ারি ২০২১ /এমএম

 


Array